ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০১:৩০:৩৫ অপরাহ্ন
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল ফাইল ছবি
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। তবে এর প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৩ সেপ্টেম্বর) ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

গভীর নিম্নচাপটির প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

অধিদফতর জানিয়েছে, চলতি গভীর নিম্নচাপ সম্পর্কিত এই সিরিজে আর কোনও আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হবে না। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 



 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ