ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় একটি ‘রাজা’ ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন
হাতিয়ায় একটি ‘রাজা’ ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় ছবি : সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি রাজা ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে নিলামে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, হাতিয়ার জেলে জাহিদ মাঝি মেঘনা নদীতে মাছটি ধরেন। পরে মাছটি চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সিতে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী বিষ্ণু বেপারি।

নিলাম পরিচালনা করেন কুতুবউদ্দিন বাবু। তিনি বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলামে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। একপর্যায়ে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দাম ওঠে। পরে ওই দামেই মাছটি বিক্রি করা হয়।

সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো. সালা উদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় ইলিশ এলে সাধারণত ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। এই রাজা ইলিশটিরও ভালো দাম পাওয়া গেছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষ্ণু বেপারি মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে এর চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। রাজা ইলিশটি আকারে ভালো হওয়ায় নিলামে এর দামও বেশ উঠেছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা ও আকার অনেকটাই প্রাকৃতিক পরিবেশ ও নদীর পরিস্থিতির ওপর নির্ভর করে। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরতে হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ