ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ লুট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০১:৪৭:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০১:৪৭:২১ অপরাহ্ন
কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ লুট ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জে দুই ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরতপুর ইউনিয়ন ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। 

​স্থানীয়রা জানান, অন্তর কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে বাবা মিতাই সরকার এবং ফুপাতো ভাই রাজিব সরকারের সঙ্গে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। ​

রাত সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় পৌঁছায়। এসময় তিনটি মোটরসাইকেলে ৯ জন এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা আরো কয়েকজন দুর্বৃত্ত অন্তরদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অন্তর ও রাজিবের পায়ে গুলি করে। তারা স্বর্ণের অলংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান স্থানীয়রা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ