এমপি গাজী নজরুলের নির্বাচনী এলাকায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ০৭:৫২:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ০৭:৫২:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার নিজ নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের জাতীয় সংসদ থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তরুণী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দিতে দেওয়া হবে না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আদালত গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স