সারাক্ষণ ওয়াই-ফাই চালু রাখলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল হয়?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ০৭:৪৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ০৭:৪৭:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সময় ওয়াই-ফাই রাউটার সাধারণত সারাক্ষণই চালু থাকে। রাতে ঘুমানোর সময় কিংবা বাসায় কেউ না থাকলেও অনেকেই রাউটার বন্ধ করেন না। এতে বিদ্যুৎ খরচ কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্নও আছে অনেকের।
রাউটার দেখতে ছোট হলেও এটি বিদ্যুৎ ব্যবহার করে। তবে সাধারণ একটি বাসাবাড়ির রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলে সেই খরচ খুব বেশি হওয়ার কথা নয়। একটি সাধারণ রাউটারের বিদ্যুৎ ব্যবহারের একটি উদাহরণ দিয়ে বিষয়টি হিসাব করা যায়।
ধরা যাক, একটি রাউটারের পাওয়ার রেটিং ৯ ভোল্ট ও ০.৬ অ্যাম্পিয়ার। ভোল্টেজ ও কারেন্ট গুণ করলে এর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়ায় ৫.৪ ওয়াট।
৫.৪ ওয়াটকে কিলোওয়াটে হিসাব করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ রাউটারটি এক ঘণ্টায় আনুমানিক ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।
এখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ২০ পয়সা ধরে হিসাব করলে এক ঘণ্টায় খরচ হয় প্রায় ৪ পয়সা। ২৪ ঘণ্টায় সেই খরচ দাঁড়ায় প্রায় ৯৩ পয়সা। আর ৩০ দিন রাউটারটি একটানা চালু থাকলে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২৮ টাকা।
অর্থাৎ, এই হিসাব অনুযায়ী মাসে ২৪ ঘণ্টা রাউটার চালু রাখার জন্য বিদ্যুৎ খরচ ৩০ টাকার কাছাকাছি হতে পারে।
তবে এটি একটি উদাহরণভিত্তিক হিসাব। সব রাউটারের বিদ্যুৎ ব্যবহারের মাত্রা এক নয়। রাউটারের মডেল, অ্যাডাপ্টারের ক্ষমতা ও বিদ্যুৎ ব্যবহারের ধরন অনুযায়ী প্রকৃত খরচ কিছুটা কমবেশি হতে পারে। একই সঙ্গে বাসার মোট বিদ্যুৎ ব্যবহারের ওপর ভিত্তি করে প্রতি ইউনিটের কার্যকর দামও আলাদা হতে পারে।
তাই শুধু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাতে কয়েক ঘণ্টা রাউটার বন্ধ রাখলে সামান্য সাশ্রয় হতে পারে, কিন্তু সাধারণ রাউটারের ক্ষেত্রে সারাক্ষণ চালু থাকার মাসিক খরচ সাধারণত বড় অঙ্কের হয় না।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স