ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​৩১ হাজার টাকায় শিশুকন্যা বিক্রি করল বাবা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫১:১০ অপরাহ্ন
​৩১ হাজার টাকায় শিশুকন্যা বিক্রি করল বাবা ​ছবি: সংগৃহীত
গাইবান্ধায় নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুর বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সাদুল্লাপুর উপজেলার সাহারাবাজার গ্রামের বাসিন্দা ও শিশুর বাবা মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মো. আবদুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোছা. মোর্শেদা খাতুন (৪৫) ও একই গ্রামের মোছা. জেসমিন আক্তার (২৮)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তার জান্নাতকে বাজারে নিয়ে যান বাবা হামিদুল ইসলাম। এরপর অন্য দুই মধ্যস্থতাকারীর সহায়তায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

সন্তানকে ফিরে পেতে পরবর্তীতে শিশুর মা মোছা. রোমানা খাতুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত ২৭ আগস্ট তল্লাশি পরোয়ানা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর এলাকা থেকে প্রথমে বাবা হামিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয় এবং শিশু ফাতেমাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ