ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০২:৫৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০২:৫৯:৪২ অপরাহ্ন
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা ফোকাস বাংলা নিউজ
এক হাতে স্বপ্ন, অন্য হাতে সীমাবদ্ধতার হিসাব এভাবেই পথ চলছিল গাইবান্ধার একদল মেধাবী শিক্ষার্থীর। পরীক্ষার খাতায় মেধার স্বাক্ষর থাকলেও পরিবারের আর্থিক বাস্তবতা অনেকের উচ্চশিক্ষার পথকে অনিশ্চিত করে তুলেছিল। কারও বাবা স্বল্প আয়ের চাকরি করেন, কারও পরিবারে একাধিক সন্তানের পড়াশোনার ব্যয়, আবার কারও সংসারে নিত্যদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। তবু থেমে যায়নি তাদের স্বপ্ন। তারা বিশ্বাস করে, সুযোগ পেলে মেধাই পারে জীবনের গতিপথ বদলে দিতে।

সেই বিশ্বাসকে আরও শক্তি দিতে গাইবান্ধায় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি। একই সঙ্গে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জানানো হয়েছে সম্মাননা। শিক্ষার্থীদের হাতে যখন বৃত্তির অর্থ, বই, সনদ ও সম্মাননা সামগ্রী তুলে দেওয়া হচ্ছিল, তখন সেখানে ছিল অর্জনের আনন্দ, ভবিষ্যতের প্রত্যাশা আর নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা।

‘মেধা যেখানে, সম্ভাবনা সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে তৃতীয়বারের মতো গাইবান্ধায় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে ‘এসএসসি শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন, সু-প্যালেস, ফ্যাশন প্যালেস ও বই ঘর পাঠাগার যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন ও সেশন পরিচালনা করেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা এ বি এম জিল্লুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন ও বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান। তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্দেশ্য, আবেদন, যাচাই-বাছাই ও শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরেন। পরে এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৬-এর আবেদন, যাচাই-বাছাই, নির্বাচন ও ফলাফল নিয়ে একটি উপস্থাপনা করা হয়।

আয়োজকেরা জানান, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিশেষ পরিস্থিতিতে থাকা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননার মাধ্যমে তাঁদের অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনা, পরিবারের আর্থিক বাস্তবতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা জানান। তাঁদের কথায় উঠে আসে সামান্য সহায়তাও কখনো কখনো একজন শিক্ষার্থীর সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সহজ করে দিতে পারে।

পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তাঁরা পড়াশোনা অব্যাহত রাখা, নিজেদের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, কলেজের সাবেক অধ্যক্ষ ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর খলিলুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা আফরোজা বেগম লুপু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং সু-প্যালেস ও ফ্যাশন প্যালেসের স্বত্বাধিকারী মোঃ আবুল হোসেন মৃধা সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা এ বি এম জিল্লুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ রাশেদ মিয়া, গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ্, প্রথম আলোর প্রতিনিধি ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা শাহাবুল শাহীন তোতা, রেডিও সারেবেলার স্টেশন ম্যানেজোর মোস্তাফিজুর রহমান, ফোকাস বাংলার ফটো সাংবাদিক কুদ্দুস আলম। অনুষ্ঠানে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন ও বই ঘর পাঠাগারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আতহার মিহদা তুবা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ