প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর: পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত ডাইভার্সিটি প্লাজা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ০২:২০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ০২:২২:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমন উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রোববার সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন নিউইয়র্ক সিটি শাখা বিএনপি, জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। ঠিক একই সময়ে কাছাকাছি দূরত্বে অবস্থান নেন দেশে কার্যক্রমে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা।
তারা ‘এই মুহূর্তে দরকার, আওয়ামী লীগের সরকার’, ‘উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার’ ইত্যাদি পাল্টা স্লোগান দিতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা গালিগালাজ ও ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং আওয়ামী লীগের কিছু কর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টানানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে অর্ধশতাধিক নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয় এবং মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এই উত্তেজনার মধ্যেই দলীয় প্রধানকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
নোয়াখালী প্রবাসী সেলিম উদ্দিন জানান, তারা প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গোলাম ফারুক শাহীন জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন দলের শত শত নেতাকর্মী।
শ্রমিক দলের এক নেতা জানান, সোমবার দুপুর আড়াইটা থেকেই তারা জেএফকে বিমানবন্দরের বাইরে অবস্থান নেবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছালে সড়কের এক পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাবেন।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স