আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ১২:২০:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ১২:২০:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, যে কক্ষে মরিয়মের মরদেহ পাওয়া যায়, সেটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন জামায়াতের নেতাকর্মীরা প্রথমে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বলে দাবি করেন।
পরে গাজী নজরুল ইসলাম তার ফেসবুক পোস্টে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয় দলটি।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর পর এখন আইনগত পরবর্তী পদক্ষেপের দিকে যাচ্ছে পুলিশ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স