ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​অপ্রতিমের মাকে কী জবাব দেবো: এমপি মনিরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৩২:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৩২:০৬ অপরাহ্ন
​অপ্রতিমের মাকে কী জবাব দেবো: এমপি মনিরুল ​ছবি: সংগৃহীত
‘অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না।’—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে এভাবেই অসহায়ত্ব প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী।

অপ্রতীম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না জানিয়ে এমপি মনিরুল বলেন, এ ধরনের ঘটনার কোনো জবাব নেই। তিনি দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরে ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘অপ্রতীমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

অপ্রতীমের মৃত্যুকে জাতির জন্য গভীর লজ্জার ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, এই ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বিভাগকে আরও বেশি কঠোর হতে হবে। এটা কোনো দেশ হতে পারে না, এমন অবস্থা চলতে পারে না। অনুগ্রহপূর্বক এসব দিকে, এই কিশোর ছেলেদের দিকে নজর দিন; নইলে এ জাতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।’

মাত্র ১৩ বছরের অপ্রতীমের এমন মৃত্যুতে তার পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একটি শিশুর মরদেহ উদ্ধারের এই ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ