ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৬:২৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৬:২৭:৫৪ অপরাহ্ন
​দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’ ​ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’ আসন্ন দুর্গাপূজার উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম ও জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমাটির মূল গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন তিনি নিজেই।

চলচ্চিত্রটির প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে নির্মাতা মুনতাসির আকিব জানান, নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার সূত্র ধরেই ‘চিরকুট’-এর কাহিনি এগিয়েছে। সে সময়ের আবেগ, মানবিক সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ তৈরি করাই এই সিনেমার প্রধান লক্ষ্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে পর্দায় তিন দশক আগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, তৎকালীন পোশাকের ধরন এবং শিক্ষার্থীদের জীবনযাপনের নানা অনুষঙ্গ বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা বড় একটি চ্যালেঞ্জ ছিল বলে তিনি উল্লেখ করেন।

তারকা ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে ‘চিরকুট’-এর অভিনয়শিল্পী দল। চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।

চলচ্চিত্রের গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে মোট চারটি গান রাখা হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার এবং স্নেহাশিস চক্রবর্তী অভি। নব্বইয়ের দশকের স্মৃতিকাতর ক্যাম্পাস আবহে নির্মিত এই চলচ্চিত্রটি উৎসবের মৌসুমে প্রেক্ষাগৃহে দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছে নির্মাতা ও কলাকুশলীরা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ