তেজগাঁও কলেজ মসজিদ থেকে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৯-২০২৬ ০৫:৩১:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৯-২০২৬ ০৫:৫১:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ ১২ জনকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা এবং জিহাদি কার্যক্রমের জন্য লোক সংগ্রহের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং কর্মকাণ্ডের পেছনের পরিকল্পনা কী ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সিটিটিসি তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, উগ্রবাদ ছড়ানো ও বড় ধরনের সহিংসতার উদ্দেশ্যে কয়েকজন যুবক তেজগাঁও কোকাকোলা মোড় এলাকায় জড়ো হয়েছেন। পরে অভিযান চালিয়ে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ‘মিটআপ’ নামে একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। ওই গ্রুপে উগ্রবাদী বক্তব্য ও বিভিন্ন বিষয়ে যোগাযোগের পাশাপাশি নাশকতার উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
রিমান্ডে তাদের ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও অন্যান্য ডিজিটাল আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগ যাচাই এবং ঘটনার পেছনের পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করার চেষ্টা করা হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স