ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মধ্যরাতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:১৮:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:১৮:০৪ পূর্বাহ্ন
খুলনায় মধ্যরাতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ফাইল ছবি
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় আজমল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজমল খুলনা মহানগরীর হরিণটানা এলাকার কুতুবের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা যুবকেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আজমল আহত হয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা দ্রুত সেখান থেকে চলে যান।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাত ১টার দিকে একটি ভবনের চতুর্থ তলার ছাদে কয়েকজন আজমলকে মারধর করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজমলের মৃত্যু হয়। কী কারণে তাকে মারধর করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তারা। 

নাম প্রকােশে অনিচ্ছুক স্থানীয়দের একজন জানান, আজমল পাশের একটি ভবনে থাকতেন। তার কাছে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। 

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, ‍‍নিহত আজমলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মৃত্যুর প্রকৃত কারণ, শরীরে আঘাতের ধরন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ