বাংলাদেশি বংশোদ্ভূত কাভানকে জাতীয় দলে নিতে চায় যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৯-২০২৬ ০৬:০২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৬ ০৬:০৪:১৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিডফিল্ডার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মাঠে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে গোল ও অ্যাসিস্টে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন তিনি।
দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর সবচেয়ে ছোট সদস্য কাভান।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচের জন্য দল ঘোষণা করবেন নতুন কোচ মরিসিও পচেত্তিনো। ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল জানিয়েছেন, পচেত্তিনোর পরিকল্পনায় কাভান সুলিভানও রয়েছেন।
২০২৬ বিশ্বকাপের বিরতির পর এমএলএসে ফিরেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এই তরুণকে। ফিলাডেলফিয়ার হয়ে এখন পর্যন্ত ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৮টি গোল করিয়েছেন তিনি।
তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও কিছুদিন আগে পচেত্তিনোর নজরে এসেছিলেন কাভান। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুযোগ পেলে যুক্তরাষ্ট্রকে আরও দূর এগিয়ে নিতে পারতেন। তরুণ এই ফুটবলারের এমন মন্তব্য অবশ্য ভালোভাবে নেননি মার্কিন কোচ।
সে সময় পচেত্তিনো বলেছিলেন, ‘আমরা সবকিছুই দেখছি, সবকিছুর ওপরই নজর রাখছি। অবশ্যই আমরা প্রতিভাবান খেলোয়াড় চাই, যারা সাহসী ও আত্মবিশ্বাসী। কিন্তু এমন নয় যে, তারা এমন কিছু অনুভব করবে বা বলবে, যা তারা এখনো মাঠে দেখাতে পারেনি কিংবা অর্জন করেনি। আমার মনে হয়, কেবল মেসিই একটু সীমা ছাড়িয়ে কথা বলার অধিকার থাকে। আপনি যদি আটটি ব্যালন ডি’অর জিতে থাকেন, ঠিক আছে। তখন কিছুটা ঔদ্ধত্যের সঙ্গে কথা বলতে পারেন।’
সেই বিতর্ক পেছনে ফেলে মাঠের পারফরম্যান্স দিয়েই আবারও কোচের আস্থা অর্জন করেছেন কাভান। আসন্ন আন্তর্জাতিক সূচিতে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামার সুযোগ পেলে জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হবে তার।
এর আগে ২০২৪ সালে ফিলাডেলফিয়ার জার্সিতে অভিষেকের মাধ্যমে উত্তর আমেরিকার বড় পেশাদার ক্রীড়া লিগগুলোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছিলেন কাভান।
এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গেও কাভানের বিশেষ সমঝোতা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ হলে সিটির হয়ে খেলার পথ তার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স