ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

'নৌকা' স্থগিত রেখে নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১১:০৯:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১১:৫১:৪৭ পূর্বাহ্ন
'নৌকা' স্থগিত রেখে নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত, প্রজ্ঞাপন জারি
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বতন্ত্র ও বরাদ্দযোগ্য প্রার্থীদের জন্য ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি অতিরিক্ত গেজেটে এ সংশোধনীর কথা জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে বিধিমালায় এ সংশোধন আনা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ বিধির উপবিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। এর আওতায় নির্বাচনে ব্যবহারযোগ্য প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে প্রার্থীর নির্বাচনি ব্যয় ও হলফনামা সংক্রান্ত কয়েকটি শর্তেও পরিবর্তন আনা হয়েছে।

নির্বাচনি ব্যয় পরিচালনার জন্য প্রার্থীর নিজস্ব ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাবের নম্বর দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।

প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে।
ইসি সূত্রে বলা হয়েছে, নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ করতে এসব সংশোধন আনা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ