ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:১৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:১৬:৪১ অপরাহ্ন
​ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি ​ছবি: সংগৃহীত
ফেনীতে টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলায় তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-অটোরিকশা চালক, নির্মাণশ্রমিক, কৃষক, দিনমজুরসহ খোলা আকাশের নিচে কাজ করা মানুষ। দুপুরের দিকে সড়কে চলাচলকারীদের অনেককেই ছাতা ও গামছা ব্যবহার করতে দেখা গেছে। শহরের ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের ধোঁয়া ও পাকা সড়কের তাপ গরমের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। 

চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও লবণ বেরিয়ে যায়। এতে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা, মাথাব্যথা ও অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে থাকলে হিট স্ট্রোকের ঝুঁকিও ˆতৈরি হতে পারে।

বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ, হৃদ্‌রোগ বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং বাইরে কাজ করা শ্রমিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বুধবার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় এদিন এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে| এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ