প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীনকে চাকরিতে নিয়োগ দিল রাবি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ০৩:১৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ০৩:১৯:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম মো. শাকিল হোসেনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
এ সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত মো. শাকিল হোসেন রাবি সমাজ বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। নওগাঁর অজপাড়াগ্রাম থেকে স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে রাবি থেকে শিক্ষাজীবন শেষ করেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান শাকিল মেধা ও উচ্চশিক্ষার অদম্য আকাঙ্ক্ষায় শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করলেও কর্মসংস্থান না হওয়ায় নিজ ভবিষ্যৎ নিয়ে সে অনিশ্চয়তায় পড়ে। বিগত সময়ে সে বেশ কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টি সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিয়োগ বঞ্চিত হয়। সম্প্রতি তার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে
বিষয়টি বিবেচনার জন্য জানান। তারই ধারাবাহিকতায় রাবি কর্তৃপক্ষ তার যোগ্যতা বিবেচনা করে চাকরিতে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্র প্রদানের পর উপাচার্য এক মন্তব্যে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবির যে মানবিক ও সামাজিক দায় আছে তারই প্রতিফলন মো. শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কর্মজীবনের সাফল্য কামনা করে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স