হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৯-২০২৬ ০৪:২৬:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৯-২০২৬ ০৪:২৬:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০০ জনের।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হাম-সংক্রান্ত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৩৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকায় চারজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে একজন মারা গেছেন। বিভাগভিত্তিক হিসাবে এ সময়ে ঢাকায় ৪৩০ জন, সিলেটে ১৯৭ জন, চট্টগ্রামে ২৬৬ জন, বরিশালে ১১৯ জন, খুলনায় ৯৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এ বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৭৪ হাজার ৫৫০ জন। এ সময়ে ঢাকায় সন্দেহজনক হাম রোগে ৪২৩ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৬৩ জন। এদিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সারাদেশে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৪২৭ জনকে। এতে মোট টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৯ শতাংশ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স