ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:৫৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:৫৬:৪৮ অপরাহ্ন
সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম ফাইল ছবি
খুলনার কয়রায় সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে নৌকায় ঘুমন্ত অবস্থায় দুই জেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাঁদের সুন্দরবনের হেতালবুনিয়া খাল এলাকা থেকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে হামলায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদীসংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই জেলে হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) এবং তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তাঁরা কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়েছিলেন।

আহত জেলেদের চাচা আব্দুল গনি সরদার উল্লেখ করেন, সকালে হঠাৎ সাইদ নামের এক জেলের মোবাইল নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সাইদ তাঁকে দ্রুত ট্রলার নিয়ে সুন্দরবনে আসতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, হেতালবুনিয়া খালের চরে তাঁর দুই ভাতিজাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত সুন্দরবনে গিয়ে তাঁদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম উল্লেখ করেন, তাঁর ওয়ার্ডের দুই জেলেকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কাঁকড়া আহরণ শেষে তাঁরা নৌকায় ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান উল্লেখ করেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ভুক্তভোগী জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ