ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিষ খেয়ে মর’—শেষ পর্যন্ত সেই পথেই গেলেন বেল্লাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:৪৭:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:৫২:১৬ পূর্বাহ্ন
‘বিষ খেয়ে মর’—শেষ পর্যন্ত সেই পথেই গেলেন বেল্লাল ফাইল ছবি
মায়ের আবদারেই আপন মামাতো বোনকে বিয়ে করেছিলেন বেল্লাল। ভেবেছিলেন, পরিচিত পরিবারে বিয়ে মানেই হবে আপনজনের মতো সম্পর্ক। কিন্তু বিয়ের এক মাস না যেতেই বদলে যায় সেই বাস্তবতা। শুরু হয় অপমান, গালাগাল আর মানসিক নির্যাতনের অভিযোগ। ‘ভাদাইম্মা’, ‘অকর্মা’সহ নানা কটূক্তির পাশাপাশি বারবার বলা হতো—বিষ খেয়ে মর।

অভিযোগ, দিনের পর দিন এমন মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে একসময় ভেঙে পড়েন তরুণ বেল্লাল। গত বছরের ডিসেম্বর মাসে চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে বিষপান করেন তিনি। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্বজনদের কাছে তিনি অভিযোগ করেন, শ্বশুর-শাশুড়িই তাকে বিষ খেয়ে মরতে বলেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দেবপুর গ্রামের ঘটনা। বেল্লাল বেঁচে ফেরেননি।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থাকলেও রক্তের সম্পর্কের কারণে এবং বেল্লালের রেখে যাওয়া একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিবারটি তখন আইনি পথে যায়নি । আপস-মীমাংসার আশায় কেটে যায় আরও কয়েক মাস।

কিন্তু সেই অপেক্ষারও যেন শেষ নেই। মৃত্যুর প্রায় নয় মাস পর অবশেষে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন বেল্লালের মা লাইজু বেগম। মামলায় ছেলের মৃত্যুর জন্য তারই ভাই ইলিয়াস ও ভাবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

লাইজু বেগমের দাবি, তার আবদারেই ছেলের বিয়ে হয়েছিল। অথচ বিয়ের পর ঘরজামাই রাখার বিষয়কে কেন্দ্র করে নিজের ভাই ও ভাবির কাছেই ছেলেকে অপমানিত হতে হয়েছে। এখন আরেক সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাই এক সন্তানকে হারানোর পর আরেক সন্তানকে হারানোর ভয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

অভিযোগ অস্বীকার করে বেল্লালের শ্বশুর ইলিয়াস বলেন, বিষপানের দিন তিনি ঢাকায় ছিলেন। জামাইকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেই। আদালত নির্দেশনা পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেল্লালের মৃত্যুর গল্প তাই শুধু একজন পুরুষের আত্মহত্যার ঘটনা নয়—এটি একজন মায়ের কাছে এক সন্তান হারানোর শোক, আরেক সন্তানকে হারানোর আতঙ্ক এবং দীর্ঘ নয় মাস ন্যায়বিচারের অপেক্ষার গল্প।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ