৯৮ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৯-২০২৬ ০৪:৩৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৯-২০২৬ ০৬:৫১:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো পেছানো হলো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।
এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনও একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এটি দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে।
একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স