ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হুথিদের সৌদি হামলায় ইরানের সংশ্লিষ্টতা নেই: পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:১০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:১০:৪৩ অপরাহ্ন
​হুথিদের সৌদি হামলায় ইরানের সংশ্লিষ্টতা নেই: পেজেশকিয়ান ​ছবি: সংগৃহীত
সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, হুথিদের সঙ্গে সৌদি আরবের নিজস্ব সমস্যা রয়েছে, তবে সৌদির বিরুদ্ধে ইরান কোনো যুদ্ধ করছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না। হুথিদের সঙ্গে সৌদির নিজস্ব ইস্যু আছে। আমি বারবার বলেছি, এই অঞ্চলের সব দেশের উচিত একসঙ্গে আলোচনায় বসা এবং এখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। আমাদের একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ নেই।

এদিকে ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এই সাফল্য নিয়ে ইরানের রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকে এটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জয় হিসেবেও দেখছেন।

হুথি বিদ্রোহীদের অধিকাংশই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখল করে নেয় তারা। এরপর থেকেই দেশটিতে তাদের লড়াই অব্যাহত রয়েছে।

লোহিত সাগরে হুথিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পূর্ব উপকূলে আনসারুল্লাহদের জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।

শুক্রবার মোখা বন্দর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথিরা। এটি ইয়েমেনি সরকারের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মোখার নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে লোহিত সাগরে নিজেদের প্রভাব প্রায় পুরোপুরি হারিয়েছে সরকার।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরোনো বক্তব্য সামনে এনেছেন। সেখানে খামেনি বলেছিলেন, হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে। ঘালিবাফ নিজেও বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।

দেশটির প্রথম সহ-রাষ্ট্রপতি মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুথিদের এই জয়ে ইরান সরকার খুশি। তিনি মন্তব্য করেন, এই অঞ্চলের সব দেশের উচিত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে মুক্ত হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ