ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:১৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:১৬:৩৭ অপরাহ্ন
​দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ​ছবি: সংগৃহীত
দুর্নীতিবাজ ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধিদলে আরও ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপরই জাতির অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। তাই দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যেতে হবে।

দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মামলার দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। গুরুতর ও বৃহৎ দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ