ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​জ্বালানি নিরাপত্তা: নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণ চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:৫৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:৫৬:৩৭ অপরাহ্ন
​জ্বালানি নিরাপত্তা: নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণ চায় বাংলাদেশ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় অবস্থিত  নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান উপ-প্রধান আলেকজান্ডার ফাল্ক-বিলডেন এবং দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টাসায়েদ মুনতাসির বায়েজীদ রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন।

বৈঠকে জ্বালানি খাতে, বিশেষত নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রে, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা আনতে, বিদ্যুতের সঠিক চাহিদা নিরুপনে দক্ষতা বৃদ্ধিতে  ও সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ে সরকারের কারিগরী ও আর্থিক সহযোগিতা কামনা করেন। 

অফশোর বিডিং এ অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুত খাতে বিনিয়োগসহ বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের চলমান অংশগ্রহণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ অনুযায়ী টেকনোলজি ট্রান্সফার, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী বাংলাদেশের সাথে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা, বিশেষত অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে নরওয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্র অন্বেষণে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ