ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৯-২০২৬ ০৩:৪৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৯-২০২৬ ০৪:৩৭:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের যে কোনো সময় জোয়ারের পানির স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। পরে সকালে স্থানীয়দের মধ্যে কয়েকজন নদীর তীরে বিশাল আকৃতির বস্তু দেখে কাছে গিয়ে মৃত অবস্থায় ওই তিমিটিকে দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে তিমিটিকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করে। পরবর্তীতে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃত বিশাল আকৃতির ওই তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন তারা।
বন বিভাগের তালতলীর রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিশাল আকৃতির তিমিটি পঁচে যাওয়ায় এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি প্রায় ৩০ ফুট লম্বা আনুমানিক ১৫ ফুট চওরা। তবে পচে গিয়ে ফুলে ওঠায় সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না। এছাড়া প্রচুর দুর্গন্ধ ছাড়ানোর কারণে কারণে কোনো শ্রমিক এই মুহূর্তে কাছে যেতে পারছে না। এরপরেও পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে তিমিটিকে মাটি চাঁপা দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা তিনি মাছটিকে মাটি চাপা দেয়ার চেষ্টা করছি।
তিমি মাছটির মৃত্যুর সম্পর্কে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, পানির যেকোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হতে পারে। সাগর ও নদীর পানির পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। আমাদের এখানে কোনো গবেষণা কেন্দ্র নেই। থাকলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেত। তবে পরিবেশগত ত্রুটির কারণেই বেশিরভাগ সময় সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও রয়েছেন। মৃত ভেসে আসা তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স