নলকূপ বসানোর স্থানে ‘প্রাকৃতিক গ্যাস’ পাওয়ার দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৯-২০২৬ ১১:২০:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৯-২০২৬ ১১:২০:৪৪ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে গভীর নলকূপ বসানোর স্থানে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পেঁপে গাছের ডাটা ও পাইপ ব্যবহার করে গ্যাসে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন স্থানীয়রা। পরে সেখানে খাবার রান্না করা হয়।
উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়ার চর গ্রামের কামাল হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। খবরটি জানাজানির পর ওই বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
কামাল হোসেন বলেন, “প্রায় এক মাস আগে আমি বাড়িতে একটি গভীর নলকূল স্থাপন করি। নলকূপের নিচের পাইপের পাশে জমে থাকা পানিতে দীর্ঘদিন ধরে বুদ বুদ দেখতে পাই। দিনে দিনে বুদ বুদের চাপ বাড়তে থাকলে মঙ্গলবার আমি ও এলাকাবাসী পাইপের মাধ্যমে সংযোগ স্থাপন করে সেখান থেকে গ্যাস সংগ্রহ করে রান্না করি।”
তিনি বলেন, “আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি এবং লিখিতভাবে আমার বাড়িটি ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। ”
নয়ার চর গ্রামের বাসিন্দা এনামুল বলেন, “খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর আমরা রাতে সেখানে গিয়েছিলাম এবং নলকূলের পাশ থেকে ওঠা গ্যাস পাইপের মাধ্যমে ব্যবহার করে পাঙ্গাস মাছ রান্না করতে দেখেছি। তখন অনেক মানুষজন ছিল। বিষয়টি সরকারিভাবে পর্যবেক্ষণের দাবি জানাচ্ছি। ”
একই এলাকার মোসলেম মিয়া বলেন, “আমরা কিছুদিন আগে ওই টিউওয়েলের পাশ থেকে চুলোয় পানি ফোটার মতো বুদ বুদ শব্দ দেখতে পাই। পরে আমরা সবাই মিলে সেখান আগুন জ্বালিয়েছি এমনকি রান্নাও করা হয়েছে। আমাদের ধারণা, এখানের গ্যাসের খনি রয়েছি। সরকারিভাবে পরীক্ষা-নীরিক্ষার দাবি জানাচ্ছি। ”
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, “কয়েকদিন আগে আমরা বিষয়টি জেনেছি। সেখানে আসলেই ভূগর্ভস্থ গ্যাস রয়েছে কিনা সেটা পরীক্ষার প্রয়োজন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং কামালের একটি আবেদন জেলায় পাঠানো হয়েছে।”
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স