ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধন এখন কেমন আছেন, জানালেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১১:১৬:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১১:১৬:০২ পূর্বাহ্ন
বাঁধন এখন কেমন আছেন, জানালেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ফাইল ছবি
ইতালির ভেনিসে হামলার শিকার ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা হয়েছে। তিনি নিরাপদে আছেন। 

তিনি আরও লেখেন, মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও কথা হয়েছে এবং তার (বাঁধন) সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা করা হবে জানিয়ে কে এম নাজমুল হক লেখেন, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আগামীকাল এ ঘটনায় মামলা করা হবে। বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সবার আগে বাংলাদেশ।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বাঁধন।

পোস্টে বাঁধন জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডি ক্লিপও প্রকাশ করেছেন তিনি, ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে। 

স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন বলে দাবি বাঁধনের। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালও করা হয় বলে জানান তিনি। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ