নানিবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ০৭:০৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ০৭:০৬:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নানিবাড়ি বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো–নাগেশ্বরীর চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা মা-বাবার সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরা প্রতিবেশী আরও এক শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। তারা একটি ছেঁড়া মশারি দিয়ে মাছ ধরার জাল বানিয়ে পানিতে নামে। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুটি ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়।
পরে দুপুর একটার দিকে স্থানীয় লোকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে প্রথমে সিয়াম ও পরে পানির নিচ থেকে মোফাসসিরার নিথর দেহ উদ্ধার করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স