ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​আগস্টে মূল্যস্ফীতি কমেছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৬:৩১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৬:৫৮:১৪ অপরাহ্ন
​আগস্টে মূল্যস্ফীতি কমেছে ​ছবি: সংগৃহীত
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে একদিকে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মানুষের মজুরি বৃদ্ধির হারও কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত বছরের আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে মাত্র ০ দশমিক ০৩ শতাংশীয় পয়েন্ট।

বিবিএসের হিসাবে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট এবং এক বছরের ব্যবধানে কমেছে ০ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। ফলে এক মাসে সামান্য বাড়লেও এক বছরের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।

গ্রাম ও শহর- দুই পর্যায়েই সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

গ্রামে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।

শহরাঞ্চলেও আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২০ শতাংশ হয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল একই ৮ দশমিক ২৪ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি আগস্টে ৭ দশমিক ০৪ শতাংশে নেমেছে, জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়ছে না। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এক মাসে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ১৭ শতাংশীয় পয়েন্ট।

বিবিএসের হিসাবে, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার হয়েছে ৮ দশমিক ০৭ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৯৭ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

ফলে আগস্টে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ২৬ শতাংশের বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ গড় হিসাবে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার এখনো ০ দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম। এতে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

তবে দীর্ঘমেয়াদি হিসাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বিবিএসের হিসাবে, সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। এর আগের একই সময়ে, অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত এ হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে চলন্ত গড় মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে আগস্টের ভোক্তা মূল্য সূচক প্রস্তুত করা হয়েছে। একইভাবে ৬৪ জেলা থেকে প্রায় ৬৩ ধরনের মজুরি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মজুরি হার সূচক তৈরি করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ