ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কবলে ফেরি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৩১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৬:৪৪:২০ অপরাহ্ন
​মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কবলে ফেরি, প্রাণে বাঁচলেন যাত্রীরা ​ছবি: সংগৃহীত
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসার পথে মাঝনদীতে এই বিপত্তি ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিটি ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ে পাটুরিয়া থেকে ছেড়ে আসে। মাঝনদী পার হওয়ার পর হঠাৎ ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নদীর তীব্র স্রোতের কারণে চালক ফেরিটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় এটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। পরে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বেশ নিচে ফেরিটি নোঙর করা হয়।

খবর পেয়ে একটি আইটি জাহাজ (টুগবোট) ঘটনাস্থলে গিয়ে ফেরিটিকে উদ্ধার করে নিরাপদে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। মাঝেমধ্যে পদ্মায় তীব্র স্রোত থাকলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ