ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, বোনাস পাচ্ছেন ৬৭৫০ কর্মী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০২:০৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০২:০৫:৩২ অপরাহ্ন
বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, বোনাস পাচ্ছেন ৬৭৫০ কর্মী ​ছবি: সংগৃহীত
সদ্য সমাপ্ত অর্থবছরে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম বন্দর। আর এই অভাবনীয় সাফল্যের কারিগরদের খালি হাতে ফেরাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। সাফল্যের স্বীকৃতি হিসেবে বন্দরের নিবন্ধিত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক ও কর্মচারীকে বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের আমেজে প্রত্যেক কর্মী পাচ্ছেন ২৫ হাজার টাকা করে বোনাস।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর ভবনের চেয়ারম্যানের বিশেষ কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই প্রণোদনার অর্থ ও চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের শ্রম শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ আগস্ট বন্দর বোর্ডের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী–বন্দর, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে নিয়োজিত এবং শ্রম শাখায় নিবন্ধিত প্রত্যেক তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারী এই বিশেষ প্রণোদনার আওতায় আসবেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'পণ্য ওঠানামা ও হ্যান্ডলিং কার্যক্রমে আমাদের কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করেন। তাদের দক্ষতা ও মেহনতের কারণেই এই রেকর্ড সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সেই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ও তাদের উৎসাহিত করতেই এই বোনাস প্রদান করা হচ্ছে।'

ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। করোনাকালের চ্যালেঞ্জ কাটিয়ে বন্দরের এমন সাফল্য এবং কর্মীদের এই বড় অঙ্কের আর্থিক পুরস্কার বন্দর সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ