ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​এক যুগ পর ইছামতিতে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০২:৫৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০২:৫৯:১০ অপরাহ্ন
​এক যুগ পর ইছামতিতে নৌকা বাইচ ​ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১২ বছর পর এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নদীর কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঘিওর উপজেলার নকিববাড়ি দিয়াইলের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ সোনারচান-২’, ‘গায়ান বাড়ি গায়ান তরী’ ও ‘হাজারী তরী’সহ মোট সাতটি বর্ণিল ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়।

দুপুর থেকেই ইছামতির দুই পারে জড়ো হতে থাকেন নারী-পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ। ঢাক-ঢোল, কাঁশি আর মাল্লাদের ‘হেইও হেইও’ রবে মুখরিত হয়ে ওঠে নদীর দুই কূল। আয়োজকদের মতে, ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ জালাল বলেন, ‘নৌকা বাইচ আমাদের আবহমান ঐতিহ্য। সুস্থ বিনোদন ও এই ঐতিহ্য রক্ষা করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।’

কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা জানান, দীর্ঘ সময় পর ইছামতিতে নৌকা বাইচ আয়োজন করতে পেরে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করার চেষ্টা থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ