প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৯-২০২৬ ০১:৪০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৬ ০২:৩১:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে গাড়ির ধাক্কায় আহত হন ফিরোজা বেগম। সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়। দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী নিজেও আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ফিরোজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। নিহত বৃদ্ধার ভাতিজা মো. জাকির জানান, তার চাচি সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা টিএমএসএস হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। দাফন বাবদ তাদের জন্য সরকারি ভাবে কিছু সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।
প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল জানান, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, চালক ও তিনি নিজে ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই অন্য একটি গাড়িতে করে তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স