ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সাবেক মন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:০২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:০৩:৩০ অপরাহ্ন
​সাবেক মন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধ ​ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ও দুটি জিপ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন বলে তথ্য দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলামের।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা এ দিন মজিবুল হকের জমি ও জিপ গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মুজিবুল হক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। মামলা তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর এবং অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। গত বছরের ১৭ ফেব্রুয়ারি মুজিবুল হকের বিরুদ্ধে দুদক এই মামলা করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ