শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা
আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আসামিসহ ১০ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা এবং শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ পরির্দশক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান, শামীম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৪ আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপ গাড়িটি। সদর উপজেলার পখিরা এলাকায় রাস্তা পারপার হওয়ায় পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি। এ সময় বেপরোয়া গতি থাকায় সড়কেই উল্টে যায় আসামি বহনকারী গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহত হন ৪ আসামি, ৪ পুলিশ ও দুই পথচারী। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। মূলত রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতেই দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পিকআপ ভ্যানটি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স