টি-টোয়েন্টি দল ঘোষণা: ১৫ মাস পর ফিরছেন শান্ত, নেতৃত্বে লিটন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০১:১৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৩:২২:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আসরে পাঠানো হচ্ছে বাংলাদেশের পূর্ণ শক্তির টি-টোয়েন্টি দল।
মূল জাতীয় দলকেই এই আন্তর্জাতিক আসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে চোট সারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্বে ফিরেছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত এক ফিফটি হাঁকানো ইয়াসির আলী চৌধুরী রাব্বিও দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক এসেছে নাজমুল হোসেন শান্তর প্রত্যাবর্তনে। গত বছরের মে মাসের পর দীর্ঘ ১৫ মাস টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকার পর অবশেষে আবারও এই ফরম্যাটে ফিরেছেন তিনি। টপ অর্ডারে অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর পাশাপাশি আস্থা রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের ওপর।
অলরাউন্ডার ও স্পিন বিভাগে মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও সাইফ উদ্দিনের ওপর ভরসা রাখছেন নির্বাচকেরা।
তবে তরুণ তারকা পেসার নাহিদ রানা সম্পূর্ণ ফিট না হওয়ায় এই টুর্নামেন্টের স্কোয়াডে তিনি জায়গা পাননি। আগামী আসরে শক্তিশালী পেস ও স্পিন আক্রমণের সমন্বয়ে সেরা সাফল্য ছিনিয়ে আনাই প্রধান লক্ষ্য বাংলাদেশের।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স