দক্ষিণ সিটির রাজস্ব ও ফি নেওয়া হবে কমিউনিটি ব্যাংকে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ১২:৪৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ১২:৪৩:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য সেবা ফি এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে পরিশোধ করা যাবে। নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে এই উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।
বুধবার (২ সেপ্টেম্বর) নগর ভবনে ডিএসসিসি ও কমিউনিটি ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
ডিএসসিসির উদ্যোগে কমিউনিটি ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথকভাবে এই সমঝোতা স্মারক সই হয়।
কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
এই চুক্তির ফলে ডিএসসিসি এলাকার নাগরিকেরা কমিউনিটি ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই তাদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত চার্জ পরিশোধ করতে পারবেন। এর ফলে নাগরিকদের ফি জমা দেওয়ার জন্য সরাসরি সিটি করপোরেশন কার্যালয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না, যা তাদের সময় ও শ্রম সাশ্রয় করবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে কমিউনিটি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ড. মোঃ আরিফুল ইসলাম, মামুন উর রহমান, জাহির আহমেদ ও রাবেয়া পারভিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নগর কর্তৃপক্ষ আশা করছে, এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স