ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​কান্তনগর মন্দিরের টেরাকোটায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন
​কান্তনগর মন্দিরের টেরাকোটায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই স্থাপত্য নিদর্শন ঘুরে দেখেন তিনি। এ সময় কান্তনগর মন্দিরের দেয়ালের সূক্ষ্ম ও নান্দনিক টেরাকোটা দেখে মুগ্ধতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

সফরে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিয়ানে ডাও। কান্তনগর মন্দিরে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য ও ফুল দিয়ে তাদের স্বাগত জানান। পরে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন। মন্দির পরিদর্শন শেষে তিনি সেখানে একটি ‘ক্রিসমাস’ বৃক্ষ রোপণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রদূতকে ১৮ শতকে নির্মিত এই মন্দিরের ইতিহাস ও স্থাপত্যশৈলী সম্পর্কে অবহিত করেন। কান্তনগর মন্দির পরিদর্শন শেষে তিনি নিকটবর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদও ঘুরে দেখেন। সেখানে তিনি প্রাচীন এই মসজিদের গঠনশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তথ্য নেন।

এ সময় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে সোমবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ঠাকুরগাঁওয়ের বিখ্যাত সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ