ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৪:১৮:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৪:১৮:০০ অপরাহ্ন
​হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু ​ফাইল ছবি
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ আগস্ট সকাল ৮টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১৫৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৩৮৪ জন। সন্দেহজনক রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে দুজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর তথ্যের ক্ষেত্রে ঢাকায় দুজন, বরিশালে দুজন এবং সিলেট ও হবিগঞ্জে একজন করে মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩০ জন, চট্টগ্রামে ২৯১ জন, সিলেটে ১৫৬ জন, বরিশালে ১০৩ জন, খুলনায় ৭৮ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ১৭ জন শনাক্ত হয়েছেন।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬৪ জনকে, যা লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৩ শতাংশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ