পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০৪:০১:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০৪:০২:৪৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।
গ্রেফতাররা হলেন—রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, সোমবার রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জাকিয়ার প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাকে হুমকি দেন।
এর কয়েক দিন পর শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিচার দাবি করেন।
পরে পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা করেন জাকিয়া সুলতানা। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় কোনো মামলা হয়নি। পরে ভুক্তভোগী নারী মামলা করায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স