ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিএসসিসি প্রশাসক

‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি হলে জব্দ, দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৪০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৪০:১৮ অপরাহ্ন
‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি হলে জব্দ, দোকান বন্ধ ​ছবি: সংগৃহীত
নির্ধারিত দোকান ছাড়া অন্য কোথাও মাংস বিক্রি করা যাবে না এবং বিক্রির আগে মাংস পরীক্ষা করে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সিল থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সিল থাকতে হবে। ওই সিল দেখেই ক্রেতারা মাংস পরীক্ষিত কি না, তা বুঝতে পারবেন। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। একই সঙ্গে অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। অননুমোদিত স্থানে পশু জবাই করলে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।

আবদুস সালাম বলেন, অন্য স্থান থেকে মাংস আনা হলে পশুটি সঠিকভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও যাচাই করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই বাধ্যতামূলক করা হচ্ছে।

আধুনিক জবাইখানায় পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারী অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ