ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​‘সাগর-রুনি হত্যাকাণ্ডে মিলেছে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৪:২০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৫:৩৪ অপরাহ্ন
​‘সাগর-রুনি হত্যাকাণ্ডে মিলেছে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা’ ​ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করেন।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এ গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকার্য প্রচলিত বিচারিক আদালতেই সম্পন্ন হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে নতুন প্রাপ্ত তথ্য-উপাত্ত ও আলামত সরবরাহ করে তদন্ত সংস্থাকে সহযোগিতা করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, যেসব গুমের ঘটনা সরাসরি মানবতাবিরোধী অপরাধ আইনের আওতাভুক্ত হবে, কেবল সেগুলোরই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে। আর যেগুলো স্বতন্ত্র বা একক গুমের ঘটনা, সেগুলোর বিচার দেশের প্রচলিত সাধারণ আদালতেই পরিচালিত হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি খুন হন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ