ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুন, আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৩:২২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
রংপুরে চার খুন, আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ছবি : সংগৃহীত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকালে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

সম্মেলনে তিনি বলেছেন, ‘এটি একটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আমরা কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই, আপনাদের পাশেই রয়েছি। আইনগত সব ধরনের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।’

অ্যাডভোকেট আফতাব উল্লেখ করেন, মরদেহ উদ্ধারের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের দেওয়া তথ্য মতে লুট হওয়া গহনা উদ্ধার হয়েছে। এরই মধ্যে তারা ১৬৪ ধারায় আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশি তৎপরতা ও সাংবাদিকগণের সহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সঠিক পথেই আছে বলে মনে করছি।

তিনি মন্তব্য করেন, এই হত্যাকাণ্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ, এই ঘটনা নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোনো প্রকার গুজব ছড়াবেন না। আলোচিত এই ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির সভাপিতি অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ