চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ০১:১০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ০১:১০:৩৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ।
তিনি জানান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। আলোচনা সফল হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় নিয়মবহির্ভূতভাবে একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্ব পালনকারী পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা চালককে বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ইজিবাইকচালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন।
পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। একই সময় বাসটিতেও হামলা চালানো হয় এবং চালক ও সুপারভাইজারকে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা ও সাধারণ শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় সড়কে বাস আড়াআড়ি রেখে অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতা এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে শ্রমিকদের ক্ষোভ ও অসন্তোষ অব্যাহত থাকে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া ও জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। শনিবারও চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনও রুটে বাস চলাচল করবে না।
এ দিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স