ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১২:৪১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১২:৪১:০১ অপরাহ্ন
আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি ছবি : সংগৃহীত
পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ব্যারিস্টার ইফতিখার গিলানি।

শুক্রবার তিনি এজেকের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে মুজাফফরাবাদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আইনসভার সদস্যদের ভোটে জয় পান গিলানি। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পেয়েছেন ১৪ ভোট।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য এদিন আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশন বসে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক। ভোটগ্রহণের সময় দুই প্রার্থীই আইনসভায় উপস্থিত ছিলেন।

ভোট শুরুর আগে ইফতিখার গিলানি ও সরদার মুখতার খান একে অপরের সঙ্গে করমর্দন করেন। এ সময় আইনসভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল।

পিএমএল-এনের আজাদ কাশ্মীর শাখার সভাপতি শাহ গুলাম কাদির অধিবেশনে উপস্থিত ছিলেন না। তবে দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার সেখানে উপস্থিত ছিলেন।

‘এই সরকার হবে জনগণের সরকার’

শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তার সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।’

আজাদ কাশ্মীরে বর্তমানে সুশাসনের নানা সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন গিলানি। এসব সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

হাসপাতালগুলোর মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নতুন প্রধানমন্ত্রী। তার দাবি, আজাদ কাশ্মীরের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ অন্যদের জন্যও দৃষ্টান্ত তৈরি করবে।

গিলানি বলেন, ‘এই সরকার হবে জনগণের সরকার।’

তার ভাষায়, এখন থেকে ‘কাশ্মীরের জনগণের যুগ’ শুরু হবে।

তার সরকারের সময়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ