ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সৌদি-তুরস্কের পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:২৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৩:২৮:৩১ অপরাহ্ন
​সৌদি-তুরস্কের পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ​ছবি: সংগৃহীত
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার পর এবার উপসাগরীয় দেশ কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ ইসলামাবাদ সফর করেন। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে বৈঠকের পর তিনি চুক্তিতে স্বাক্ষর করেন।

কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটির প্রধান লক্ষ্য হলো প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো।

বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ও কুয়েতের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি হলো। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপরও পড়েছে। ইরানের হামলায় কুয়েতের মার্কিন সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে সংঘাত শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যুক্ত হয় পাকিস্তান। সৌদি আরবের মক্কায় চুক্তি স্বাক্ষর হওয়ায় এটি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়।

জোটটিতে সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে।

মক্কা জোটে যুক্ত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান। ফলে উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ