ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​যশোরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৯:৪২ অপরাহ্ন
​যশোরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক ​ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, মামুনের আগের দুটি বিয়ে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদে গড়ায়। এ জন্য তিনি মাকে দায়ী করতেন, যা নিয়ে আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতি হয়েছিল।

পারিবারিক অশান্তির জেরে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ