ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ঘিরে সংসদে হট্টগোল, বিরোধীদলের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:১৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:২৮:৫০ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ঘিরে সংসদে হট্টগোল, বিরোধীদলের প্রতিবাদ ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

হাসনাত আবদুল্লাহর প্রশ্নের বক্তব্য বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের পরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে সংসদে হট্টগোল দেখা দিলে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্পিকার বলেন, ‘এটা তো আওয়ামী লীগের আমল না। আপনারা তো ইচ্ছেমতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য দেবেন। এরপর বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার পর বক্তব্য পছন্দ না হলে বিরোধীদলীয় নেতাকে মাইক দেওয়া হবে বলেও জানান স্পিকার।

বিরোধীদলীয় সদস্যরা এরপরও প্রতিবাদ অব্যাহত রাখলে স্পিকার বলেন, ‘পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে।’ তাঁর কথা বলার সময় বিরোধীদলীয় সদস্যদের এমন আচরণ সংসদীয় কার্যক্রমের পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি বলেন, তাঁর শব্দচয়ন নিয়ে আপত্তি থাকলে তিনি তার জবাব দিতে পারবেন। তিনি বলেন, ‘আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো। যদি কথা বলতে না দেন তাহলে কীসের বাকস্বাধীনতা।’

বিরোধীদলীয় সংসদ সদস্যদের মামলায় আসামি গ্রেপ্তারের বিষয়ে নির্দিষ্ট তথ্য দেওয়ারও দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, শুধু সাধারণভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে।

এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন স্পিকার। তিনি বলেন, তাঁকে আগে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে পারতেন। নিজের বক্তব্যের সময় এভাবে মন্তব্য করা অশোভন বলেও তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের প্রথম দিন থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন। তাঁর বক্তব্য কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ