জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০৫:৫৮:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০৬:১৭:৫২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর, এখন আর বাসায় ফেরার তাগিদ অনুভব করছেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন কারাবন্দি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এ দিন তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে কথা বলেন তিনি।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অনুমতি পেয়ে তিনি বলেন, ‘মাননীয় আদালত, আমার আইনজীবী জামিন আবেদন করেছেন। আমি গত দুই বছর ধরে কারাগারে রয়েছি। কিন্তু আদালতের সামনে কথা বলিনি। আজ কিছু বলতে চাই। আমি এখন আর জামিন চাই না। আমার জামিন আবেদন প্রত্যাহার করছি।’
আবেগতাড়িত হয়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে দীপু মনি বলেন, ‘আপনারা যা বলেন, তা অনেক চিন্তাভাবনা করে কথা বলেন। আপনি এর আগে জামিন চাওয়ার সময়ে বলেছিলেন যে ‘বাসায় গিয়ে কি করবেন?’ আপনাদের কথাই সত্যি হয়েছে। আমার স্বামী সাত বছর ধরে অসুস্থ ও বাকরুদ্ধ হয়ে শয্যাশায়ী ছিলেন। তিনি চোখের ইশারায় কথা বলতেন। আমি পাঁচ বছর সরকারের দায়িত্ব থাকার সময়েও তাকে আগলে রেখেছি। তার যত্ন নিয়েছি। তখন তার কোনো সমস্যা হয়নি। কিন্তু গত দুই বছর ধরে আমি কারাগারে থাকায় তাকে বিভিন্ন অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার ৩৯ বছরের জীবনসঙ্গীর কাছে থাকতে চেয়েছিলাম। কিন্তু স্বামীর জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে থাকতে দেওয়া হয়নি। আমার ভালোবাসার মানুষ যখন আমাকে প্রয়োজনের সময়ে পাননি, এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমার সন্তানরা জামিন চায়। তবে আমার বাসায় যাওয়ার তাড়া নেই।’
দীপু মনির এমন আবেগঘন কথাবার্তায় আদালতকক্ষে এক ধরনের নীরবতা নেমে আসে। ট্রাইব্যুনালও তার বক্তব্যের জবাব দেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘উই আর সাডেন্ড (আমরা মর্মাহত)। হোয়াটএভার ইউ সেইড, বাট মেনি আদার রিজন হ্যাড টু কনসিডার্ড অ্যান্ড উই থট বোথ সাইডস (আপনি যাই বলুন না কেন, আরও অনেক কিছু বিবেচনা করতে হয় এবং উভয় পক্ষের কথাই ভাবতে হয়)।’
চলতি বছরের এপ্রিল মাসে দীপু মনির জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী। গত ১৮ আগস্ট তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছিলেন সাবেক এই মন্ত্রী।
এদিকে, দীপু মনি নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চাইলেও ডিফেন্স আইনজীবীর সম্মতিতে আবেদনটি পেন্ডিং রাখেন ট্রাইব্যুনাল। এ নিয়ে শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স