ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​৮০ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৪:৫২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৪৭:১৭ অপরাহ্ন
​৮০ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। এ নিয়ে জেলেদের মধ্যে স্বস্তি এসেছে। সাগরে ধরা এসব ইলিশ মৎস্য বন্দর আলীপুরের সিফাত ফিসে নিলাম ডাকে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটির ১৮ জন জেলে চার দিন আগে গভীর সাগরে মাছ শিকারের জন্য যাত্রা করেন। দুই দিন সাগরে মাছ ধরার পর মঙ্গলবার (২৫ আগস্ট) পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলাম ডাকে মাছগুলো ২০ লাখ টাকায় বিক্রি হয়। ট্রলার মাঝি বাদশা মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তবে মাছগুলো সাইজে ছোট।

মাঝি বাদশা আরও বলেন, ‘এবছর পুরো মৌসুমে ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ করে  ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক অনেক ছোট। তাই কম দামে মাত্র ২০ লাখ টাকায় বিক্রি করেছি।’ তিনি আরও জানান, চার দিন আগে সাগরে গিয়েছিলেন। মাছ পেয়ে এই বোটের জেলারা স্বস্তিবোধ করছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আবহাওয়া খারাপ থাকায় সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। এখন কিছু কিছু বোটে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়বে। তবে এখনো শতকরা ৭০ শতাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশে পাচ্ছেন না।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ